এশিয়া

ইরানে যুদ্ধ পরিস্থিতি: চীনে জ্বালানি তেলের আমদানি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন

বেইজিং, ৯ মে – ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে টালমাটাল হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ চীনে জ্বালানি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

চীনের শুল্ক বিভাগের সাম্প্রতিক তথ্যানুসারে গত এপ্রিল মাসে দেশটির অপরিশোধিত তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে। এ মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮.৫ মিলিয়ন মেট্রিক টন যা ২০২২ সালের জুলাই মাসের পর সর্বনিম্ন রেকর্ড। উল্লেখ্য যে চীন তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় অর্ধেকই মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে থাকে।

কিন্তু চলমান যুদ্ধের কারণে সমুদ্রপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও পরিশোধিত পণ্যবাহী ট্যাঙ্কার চলাচল হ্রাস পেয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলার জানিয়েছে সমুদ্রপথে চীনের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল দৈনিক ৮.০৩ মিলিয়ন ব্যারেল।

জ্বালানি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আমদানিও ১৩ শতাংশ কমে ৮.৪২ মিলিয়ন টনে নেমে এসেছে। চীন মধ্যপ্রাচ্য থেকে বড় একটি অংশ এলএনজি হিসেবে আমদানি করলেও বর্তমানে সরবরাহ সংকটে রয়েছে। তবে বছরের প্রথম চার মাসের সামগ্রিক হিসাবে চীনের আমদানি এখনও গত বছরের চেয়ে ১.৩ শতাংশ এগিয়ে আছে।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language