যমুনা সেতুতে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১০, দীর্ঘ যানজটে ভোগান্তি

সিরাজগঞ্জ, ৯ মে – যমুনা সেতুর ১৩ নম্বর পিলারের কাছে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত আট থেকে দশজন যাত্রী আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
এর ফলে সেতুর ওপর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়াগামী রানী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই সেতুর এক পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমের মধ্যে নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগের শিকার হন। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে।
দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এস এম/ ৯ মে ২০২৬









