জুলাই যুদ্ধের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সাবধান থাকুন: মির্জা ফখরুল

নওগাঁ, ৮ মে – জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে, যারা সারাক্ষণ সমাজকে অস্থির করে রাখতে চায়। তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা আর কোনো গোলযোগ চাই না।”
তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসে তরুণ প্রজন্মের লড়াইয়ের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, মানুষ তার প্রতি বিপুল আশা নিয়ে আছে। তবে পরাজিত ‘ফ্যাসিস্ট’ শক্তি প্রশাসন ও অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “অর্থনীতি লুটপাট করে বিদেশে নেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে রিক্ত করা হয়েছে। এখন এই পরিবর্তনকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে, তাদের রুখে দিতে হবে।”
রবীন্দ্রনাথ ঠাকুরকে আজও সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে মন্ত্রী বলেন, “আজ থেকে শত বছর আগে রবীন্দ্রনাথ কৃষকদের দুর্দশা লাঘবে পতিসরে ব্যাংক স্থাপন করেছিলেন এবং আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তন করেছিলেন। তিনি কেবল একজন কবি ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারক।”
তিনি আরও যোগ করেন, “রাজনীতিতে পরিচ্ছন্নতা ফেরাতে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। যে মানুষ গান গায় বা কবিতা শোনে, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আমাদের রাজনীতি সবসময় সুন্দর ছিল না, তবে আমরা বারবার লড়াই করেছি পরিবর্তনের জন্য।”
নিজের বক্তব্যে ‘বাংলাদেশি’ পরিচয় এবং স্বকীয়তার ওপর জোর দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে আমরা বাংলাদেশি। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা এনেছি। বর্তমান সময়েও দীর্ঘ লড়াইয়ের মাধ্যমেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।”
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমাদের জাতীয় ঐক্য ও স্বকীয় পরিচয় সবার আগে ধারণ করতে হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবীন্দ্র গবেষক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ৮ মে ২০২৬









