মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে অবরোধ: আটকা পড়েছে দেড় হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক

তেহরান, ৮ মে – ইরান কর্তৃক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে আটকা পড়েছেন প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং ২০ হাজার নাবিক। জাতিসংঘের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ এই তথ্য প্রকাশ করেছেন। পানামায় আয়োজিত এক সম্মেলনে তিনি এই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উত্তেজনা বৃদ্ধির পর তেহরান পাল্টা ব্যবস্থা হিসেবে এই অবরোধ আরোপ করে। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথে জাহাজ চলাচল বন্ধ থাকায় বড় ধরনের সংকটের সৃষ্টি হয়েছে।

আর্সেনিও ডমিঙ্গুয়েজ উল্লেখ করেন যে, বৈশ্বিক পণ্যের ৮০ শতাংশেরও বেশি সমুদ্রপথে পরিবাহিত হয়। এই অবরোধের ফলে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আইএমও প্রধান আরও জানান, জাহাজে ৩০টিরও বেশি হামলায় এখন পর্যন্ত দশজন নাবিক প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, আটকা পড়া ক্রু সদস্যরা নিরপরাধ মানুষ যারা বিশ্বের উপকারের জন্য কাজ করে যাচ্ছেন, অথচ ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা আজ বিপদে পড়েছেন। সংঘাতের আগে বিশ্বের মোট জ্বালানির পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়ে যেত। অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। জীবনহানি ও অর্থনৈতিক ক্ষতি কমাতে আপাতত ওই অঞ্চলে জাহাজ না পাঠানোর আহ্বান জানিয়েছে আইএমও।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language