সৌদি আরবের নতুন হজ বিধিমালা মেনে চলার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

ঢাকা, ৮ মে – অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যে নতুন হজ বিধিমালা জারি করেছে, তা কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সৌদি আরবে বসবাসরত ব্যক্তি ও ভিজিটরদের জন্য দাপ্তরিক অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগের বিষয়ে অত্যন্ত কঠোর শাস্তির বিধান যুক্ত করেছে দেশটির সরকার।
ধর্ম মন্ত্রণালয় জানায়, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে সৌদি সরকারের এই নতুন বিধিমালায় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিফলন দেখা গেছে। এই নিয়ম অমান্যকারী বিদেশি নাগরিকদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হতে পারে এবং তাদের পুনরায় দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তিদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। অবৈধ হজযাত্রীদের পাশাপাশি যারা তাদের পরিবহন, আবাসন বা অন্য কোনো উপায়ে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এক্ষেত্রে জরিমানার পরিমাণ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে। এছাড়া এই কাজে ব্যবহৃত যানবাহনগুলো আইন অনুযায়ী বাজেয়াপ্ত করার ঘোষণাও দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সংশোধিত এই বিধিমালার আওতায় শুধুমাত্র দাপ্তরিকভাবে হজের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন।
এই নিয়ম সকল হজযাত্রী ও সৌদি আরবে অবস্থানরতদের জন্য প্রযোজ্য হবে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা জিলকদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভিজিট ভিসাধারী কোনো ব্যক্তি বৈধ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি এই বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে। জনসাধারণকে জরুরি প্রয়োজনে ৯১১ এবং অন্যান্য ক্ষেত্রে ৯৯৯ নম্বরে কল করে আইন অমান্যকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে।
এস এম/ ৮ মে ২০২৬









