শাপলা চত্বরে গণহত্যার তথ্য গোপন: দীপু মনি ও দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা, ৭ মে – ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তথ্য লুকানোর অভিযোগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে নারকীয় ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনে সমীকরণ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল। ওই প্রতিবেদনে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে সেখানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। মামলার তদন্তে ইতিমধ্যে কিছু নতুন তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, ফারজানা রূপার করা ওই প্রতিবেদনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একটি সাক্ষাৎকার ছিল।
এছাড়া ঘটনার পরপরই প্রচারিত সেই প্রতিবেদনে সাংবাদিক মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতাও খুঁজে পাওয়া গেছে। সারা দেশ যখন ওই ঘটনায় আলোড়িত তখন কিছু বিতর্কিত ব্যক্তির বক্তব্যের মাধ্যমে ঘটনাকে ভিন্নখাতে নিতে ফারজানা রূপা কাজ করেছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটর। আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের প্রকৃত ঘটনা আড়াল করতে তারা অনন্য ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুর তথ্য গোপনের এই প্রচেষ্টা মূলত একটি সুপরিকল্পিত আক্রমণের অংশ ছিল।
প্রতিবেদনে কোনো সত্যতা ছিল না এবং সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিরাও ছিলেন প্রশ্নবিদ্ধ। তদন্তের স্বার্থে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই লক্ষ্যে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। আগামী ১৪ মে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
এস এম/ ৭ মে ২০২৬









