জাতীয়

প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় সরকার: মির্জা ফখরুল

ঢাকা, ৬ মে – বর্তমান সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সি.ও.এম.পি.এ.এস.এস. ডায়ালগ, চ্যাপ্টার এক: দ্য ওয়েস্টার্ন ক্যালিব্রেশন শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী দেশি-বিদেশি প্রতিনিধি ও দাতা সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জ্বালানি খাতের সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ গ্যাস উত্তোলন বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধির পথে প্রধান অন্তরায় হলো সরকারি বিভিন্ন সংস্থার কাজের ধীরগতি। এই সমস্যা কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি প্রকৃত বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে।

অবকাঠামোগত উন্নয়ন ও নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করা হয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের সব ধরনের সহায়তা প্রদান করতে সরকার প্রস্তুত।

রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ শীর্ষস্থানীয় কূটনীতিক ও গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে বিদেশি ডেলিগেটদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএন/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language