হরমুজ প্রণালীতে ৬টি জাহাজের গতিপথ বদলে দিল ইরান

তেহরান, ৫ জুলাই – হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ওমানের নির্ধারিত রুট থেকে অন্তত ছয়টি জাহাজকে সরিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এই জাহাজগুলো ওমানের করিডোর দিয়ে যাওয়ার সময় তাদের গতিপথ পরিবর্তন করে ভিন্ন দিকে চলে যায়।
আইআরজিসি ওই এলাকায় বর্তমানে টহল জোরদার করেছে এবং তাদের নির্দেশিত নিরাপদ পথ ব্যতিরেকে অন্য পথ ব্যবহারকারী জাহাজগুলোকে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা প্রদান করছে। গোয়েন্দা সংস্থাটি আরও জানায়, গত শনিবার থেকে এই জাহাজগুলো তাদের পূর্বনির্ধারিত রুট থেকে সরে আসে।
এসব জাহাজ ইরান ও ওমান উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। পরবর্তীতে রুট পরিবর্তন করে দুটি জাহাজ তেহরান অভিমুখে এবং বাকি চারটি পারস্য উপসাগরের দিকে ফিরে যায়। অন্যদিকে দীর্ঘ পাঁচ মাস স্থগিত থাকার পর ইরান ও কাতারের মধ্যে পুনরায় সামুদ্রিক বাণিজ্য শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি আব্বাস আবদোলখানি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানি দূতাবাস এবং কাতারি কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল রুওয়াইস বন্দরের মধ্যে নিয়মিত জাহাজ চলাচল শুরু হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









