আফ্রিকা

চাদে বোকো হারামের রক্তক্ষয়ী হামলা, ২৩ সেনার প্রাণহানি

এনজামেনা, ৬ মে – চাদের লেক চাদ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে সোমবার রাতে নাইজেরিয়া ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী লেক চাদ সংলগ্ন বারকা টোলোরম দ্বীপের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ক্যামেরুন, চাদ, নাইজার ও নাইজেরিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত এই লেকটি দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইটনো এক বার্তায় হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে বোকো হারামের তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ইতিপূর্বে ২০২৪ সালের অক্টোবর মাসেও এক বড় আকারের হামলায় চাদের প্রায় ৪০ জন সেনা নিহত হয়েছিলেন। তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহের কারণে চাদ এখনো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language