ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা, ৬ মে – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বুধবার ভোর ৬টা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যার কারণে এই দীর্ঘ যানজট গজারিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকামুখী লেনে যানবাহনগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
এর ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে সকালে কর্মস্থলগামী যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মহাসড়কের জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকগুলো অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। সকাল ১০টা পর্যন্ত এই যানজট পরিস্থিতি অপরিবর্তিত ছিল। হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণেই মূলত এই যানজটের সূত্রপাত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে ভবেরচর হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছে। কোনো যানবাহন যাতে উল্টো লেনে ঢুকে পরিস্থিতি আরও জটিল করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
এস এম/ ৬ মে ২০২৬









