জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের ১০ জোড়া স্পেশাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত

চট্টগ্রাম, ৬ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ১০ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই ট্রেনগুলো চলাচল করবে। চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল এক ও দুই যাতায়াত করবে।

চাঁদপুর ঈদ স্পেশাল এক বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে এবং চাঁদপুর ঈদ স্পেশাল দুই বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা রুটে চলবে তিস্তা স্পেশাল ট্রেন।

তিস্তা স্পেশাল তিন সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে এবং তিস্তা স্পেশাল চার বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ভৈরববাজার ও ময়মনসিংহের সাথে কিশোরগঞ্জের যোগাযোগ সহজ করতে শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনগুলো শুধুমাত্র ঈদের দিন পরিচালিত হবে।

জয়দেবপুর ও পার্বতীপুরের মধ্যে পার্বতীপুর ঈদ স্পেশাল নয় ও দশ চলাচল করবে। আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেনগুলো চলবে এবং ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৩ দিন পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে।

এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেনগুলো ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে আরও তিন দিন চলবে। রেলওয়ে কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language