উত্তর আমেরিকা

বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল

ওয়াশিংটন, ৬ মে – আইফোন ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তির লক্ষ্যে ২৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের লাখো আইফোন ব্যবহারকারী এই সমঝোতার আওতায় আসতে পারেন। যোগ্য গ্রাহকরা প্রতি ডিভাইসের জন্য ২৫ মার্কিন ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ২০২৪ সালের শেষ দিকে তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল। মূলত আইফোন বিক্রি বাড়াতে তারা ক্রেতাদের কাছে এমন ভুল তথ্য উপস্থাপন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই প্রতিষ্ঠানটি তখন দাবি করেছিল যে সিরিতে অত্যাধুনিক এআই চালিত ফিচার পাওয়া যাচ্ছিল। তবে অভিযোগে বলা হয় সেই সুবিধা তখন ছিল না এবং নিকট ভবিষ্যতে আসার সম্ভাবনাও অনিশ্চিত ছিল।

মার্কিন বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল অ্যাডভার্টাইজিং ডিভিশনও একই ধরনের পর্যবেক্ষণ দিয়েছে। তাদের মতে অ্যাপল এমন ধারণা তৈরি করেছিল যে নতুন এআই চালিত সিরি ফিচার এখনই পাওয়া যাচ্ছে যা বাস্তবে সঠিক ছিল না। যদিও অ্যাপল কোনো ভুল স্বীকার করেনি তবে দীর্ঘ আইনি জটিলতা এড়াতে তারা এই মীমাংসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

এই সমঝোতা চুক্তিটি ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে কেনা আইফোন ১৬ সিরিজ, ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক নোয়েল ওয়াইজ আগামী ১৭ জুন নির্ধারিত শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিতে পারেন।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language