উজবেকিস্তানে অর্থমন্ত্রী আমির খসরু: সরাসরি বিমান যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির আহ্বান

ঢাকা, ৬ মে – উজবেকিস্তানের সমরখন্দে দেশটির উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। অর্থমন্ত্রী ৩ থেকে ৬ মে সমরখন্দে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে অর্থমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক বাণিজ্য, সংযোগ এবং পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তিনি বিশেষ করে ঢাকা ও তাশখন্দ রুটে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে দেশটির উপপ্রধানমন্ত্রীকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন।
পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে বাংলাদেশে একটি উজবেক কূটনৈতিক মিশন খোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ এবং পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভিসা সহজীকরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণে দ্রুত একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর আশ্বাস প্রদান করেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এস এম/ ৬ মে ২০২৬









