জাতীয়

পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা, ৬ মে – আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন যে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন যে কুরবানির পশু আনা ও নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে যে রেললাইন এবং সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। পশু পরিবহনের সময় যাতে সাধারণ মানুষের ভোগান্তি কিংবা অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি না হয় সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language