জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

ঢাকা, ১৩ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন যে ভারত সফরসহ অন্যান্য কোনো সফরের দিনক্ষণ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুই দেশের সরকার প্রধানদের মধ্যে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন যখন দুই দেশের প্রধানরা দ্বিপক্ষীয় আলোচনায় বসেন তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়।

ভারতের উচিত হবে সেই সুযোগের সঠিক ব্যবহার করা। তিনি আরও উল্লেখ করেন যে জুলাই মাসের রক্তের দাগ এখনো শুকায়নি তবে দুই দেশের প্রধানমন্ত্রী একত্রে বসলে অনেক জটিলতা নিরসন সম্ভব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং ভারত এই সুযোগ গ্রহণ করবে কি না তা তাদেরই ভেবে দেখতে হবে।

সিঙ্গাপুর সফরের ফলাফল সম্পর্কে প্রতিমন্ত্রী জানান সেখানে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারি পর্যায়ে সফল আলোচনা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্প পরিদর্শন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক বিষয় নিয়েও ইতিবাচক আলাপ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language