কড়া হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের: ‘শক্তি প্রয়োগ করে আমাদের আত্মসমর্পণ করানো অসম্ভব’!

তেহরান, ৬ মে – মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং কূটনীতির লড়াই এক নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিল—কোনো ধরনের শক্তি প্রয়োগ বা চাপের মুখে মাথা নত করবে না তারা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার স্বপ্ন দেখা বৃথা।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আলোচনায় ছাড় না দিলে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষকে জোর করে কোনো কিছু মানানো সম্ভব নয়।”
পেজেশকিয়ান আরও জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হুমকি অবিলম্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে আলোচনার টেবিলে নতুন জটিলতা তৈরি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (IRGC)। তারা হরমুজ প্রণালিতে একটি নতুন ‘নিরাপত্তা পরিকল্পনা’ কার্যকর করার ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য হলো—মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও প্রয়োজনীয় রসদ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।
টানটান এই উত্তজনা চলাকালীন কিছুটা নমনীয় সুর শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom) আপাতত স্থগিত রাখা হয়েছে। তেহরানের সাথে আলোচনার পথ খোলা রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এবং ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা—এই দুই মেরুর লড়াই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে।
এনএন/ ৬ মে ২০২৬









