সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭১ হাজার মেট্রিক টন

সাতক্ষীরা, ৫ মে – সাতক্ষীরার সুমিষ্ট ও সুস্বাদু আমের স্বাদ নিতে অপেক্ষার অবসান হয়েছে। নির্ধারিত সময়সূচি মেনে জেলাজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম। মঙ্গলবার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আবু সাইদের বাগানে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যৌথভাবে গাছ থেকে গোবিন্দভোগ ও গোপালভোগসহ নানা প্রজাতির আম পেড়ে কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক আমচাষি উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও খিরশরাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ মে বাজারে আসবে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে।
৫ হাজারেরও বেশি বাগানে প্রায় সাড়ে ১২ হাজার চাষি আমের উৎপাদন করেছেন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। শুধু দেশীয় বাজারেই নয় সাতক্ষীরার ১০০ মেট্রিক টন আম এ বছরেও ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হবে।
বর্তমানে স্থানীয় বড় আমের বাজারে গোবিন্দভোগ ও গোপালভোগ আম ১৮০০ থেকে ২২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আম কিনতে বাগানগুলোতে ভিড় করছেন। প্রশাসন জানিয়েছে নির্ধারিত সময়ের আগে আম পাড়লে বা রাসায়নিক মিশিয়ে বাজারজাত করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ৫ মে ২০২৬









