৩৯ দেশের চিকিৎসকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৪ মে – কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ সম্মেলন ছাড়াই ৩৯টি দেশের চিকিৎসকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) ওয়েবসাইট আপডেট করার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও নিশ্চিত করেছে যে এখন থেকে চিকিৎসকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে। এর আগে ৩৯টি দেশের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর ওই দেশগুলোর নাগরিকদের সব ধরনের ভিসা এবং ওয়ার্ক পারমিট আবেদন স্থগিত করা হয়েছিল।
এর ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত অনেক বিদেশি চিকিৎসককে প্রশাসনিক ছুটিতে পাঠাতে বাধ্য হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ভেনিজুয়েলার পারিবারিক চিকিৎসক এজেকিয়েল ভেলিজকে গত ৬ এপ্রিল টেক্সাসের একটি চেকপয়েন্ট থেকে আটক করা হয়েছিল কারণ তার ভিসার মেয়াদ শেষ হলেও নিষেধাজ্ঞার কারণে তা নবায়ন করা সম্ভব হয়নি। চিকিৎসক সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে ১০ দিন পর তাকে মুক্তি দেওয়া হয়।
গত ৮ এপ্রিল আমেরিকান অ্যাকাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানস সহ বেশ কয়েকটি প্রভাবশালী চিকিৎসক সংগঠন পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে জরুরি চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে তারা দক্ষ চিকিৎসকদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়াকরণ এবং জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার জোর দাবি জানান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত মোট চিকিৎসকের প্রায় ২৫ শতাংশই বিদেশি। তবে প্রজেক্ট আইএমজির প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান আরুয়ারানা জানিয়েছেন যে এই নতুন ছাড়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যে এই সুবিধা কেবল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য হবে। যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আগের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
এস এম/ ৪ মে ২০২৬









