ইরানে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে: পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের গুঞ্জন

তেহরান, ১ মে – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা ও পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে টানাপোড়েন এখন প্রকাশ্যে এসেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ তুলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার মন্ত্রণালয়ের নীতিকে উপেক্ষা করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসি এর নির্দেশনায় কাজ করছেন।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পর্শকাতর কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে তিনি প্রেসিডেন্টকে অবহিত না করেই আইআরজিসি নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন বলে দাবি করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সরকারের পররাষ্ট্রনীতির চেয়ে আইআরজিসি কমান্ডার আহমদ ভাহিদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশি সক্রিয় ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে তিনি আরাগচিকে বরখাস্ত করতে বাধ্য হবেন।
যদিও ইরান সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব সরাসরি পড়ছে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনায়। ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম দাবি করেছে, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইরানি প্রতিনিধিদের পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকায় মার্কিন কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা রাজনৈতিক প্রতিনিধিদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে এবং নেতৃত্বের মধ্যে ঐক্য ফেরাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পিকার গালিবাফকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই অভ্যন্তরীণ সংকট দেশটির কূটনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
এস এম/ ১ মে ২০২৬









