জাতীয়

সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা, হতে পারে শিলাবৃষ্টি

ঢাকা, ৩০ এপ্রিল – দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড়ের প্রবল শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সারা দেশে কালবৈশাখীর বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুরু হওয়া এই সতর্কবার্তা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ঝড়ের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language