পশ্চিমবঙ্গ

বুথফেরত সমীক্ষা প্রত্যাখ্যান করলেন মমতা, সরকার গঠনের বিষয়ে দৃঢ় প্রত্যাশা

কলকাতা, ৩০ এপ্রিল – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার দল তৃণমূল কংগ্রেস রাজ্যে পুনরায় সরকার গঠন করবে।

গত বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল ২২৬টির বেশি আসনে জয়ী হয়ে গত নির্বাচনের রেকর্ড ছাড়িয়ে যাবে। রাজ্যের ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে জানান, কোনো জরিপই তৃণমূলের জনসমর্থনকে ছোট করতে পারবে না। অন্যদিকে বিজেপিও পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র জানান, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গতিশীল নেতৃত্বের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষায় ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। চাণক্য স্ট্র্যাটেজিস বিজেপিকে ১৫০ থেকে ১৬০ এবং তৃণমূলকে ১৩০ থেকে ১৪০টি আসনে এগিয়ে রেখেছে। পি-মার্কের জরিপে বিজেপির বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখা গেছে।

তবে ব্যতিক্রমী পূর্বাভাস দিয়েছে পিপলস পালস। তারা বলছে, তৃণমূল ১৭৮ থেকে ১৮৭টি আসনে জয় পেয়ে একচেটিয়াভাবে ক্ষমতায় ফিরতে পারে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language