জাতীয়

দেশের ৫ বিভাগে শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা: আঘাত হানতে পারে রাতে

খুলনা, ৩০ এপ্রিল – দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন এলাকায় আজ সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক সতর্কবার্তায় এ তথ্য জানান।

গবেষক জানান, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিকেলে তৈরি হওয়া কালবৈশাখী ঝড়টি সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এটি মূলত খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। পরবর্তীতে ঝড়টি বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় এই ঝড়টি শক্তিশালী রূপ নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language