জাতীয়

সারাদেশে কাল সকাল পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা

ঢাকা, ২৯ এপ্রিল – রাজধানীসহ দেশের আটটি বিভাগেই আগামীকাল সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও প্রবল আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন সারাদেশে ভারী বর্ষণ, বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে এবং ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জনসাধারণের জানমাল রক্ষায় এবং নৌযান চলাচল নিরাপদ রাখতে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language