সয়াবিন তেলের দাম লিটারে আরও ৪ টাকা বাড়ল

ঢাকা, ২৯ এপ্রিল – বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত তেল ১৯৯ টাকায় বিক্রি হবে, যা আগে ১৯৫ টাকা ছিল। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দামের ঘোষণা দেন। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে বলে তিনি জানান।
বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও বাড়ানো হয়েছে। আগে প্রতি লিটার খোলা তেল ১৭৫ টাকায় বিক্রি হলেও এখন তা ১৭৯ টাকায় কেনা যাবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বিশ্ববাজারে পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করতে হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোক্তাদের এই দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, নতুন মূল্যের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









