জাতীয়

জনগণ যেভাবে ক্ষমতায় বসিয়েছে সেভাবেই ছুড়ে ফেলবে: হান্নান মাসউদ

ঢাকা, ২৭ এপ্রিল – বিএনপিকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, আপনারা ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন এবং ভিন্নমত স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছেন।

তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, এটি তাদের জন্য একটি সাময়িক আনন্দ বা হানিমুন পিরিয়ড মাত্র। জনগণ যেভাবে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, প্রয়োজনে সেভাবেই ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ অভিযোগ করেন যে, বিএনপি সরকার গঠনের পর এখন গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করছে না। তিনি এরশাদ ও হাসিনার পতনের উদাহরণ টেনে বলেন, একই ধরনের ভাগ্য বিএনপির জন্যও অপেক্ষা করছে।

তার মতে, প্রতারণা করে সাময়িক সুবিধা পেলেও বিএনপি আসলে নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে। তিনি আরও মন্তব্য করেন যে, ২০০১ সালের মতো এবারও যৌথবাহিনীর মাধ্যমে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিস্থিতি তৈরি হতে পারে।

বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে দাবি করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় নাগরিক পার্টি আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় আসবে এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language