জাতীয়

পাঁচ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

রংপুর, ২৭ এপ্রিল – দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language