রাঙ্গামাটি

লংগদুতে ৭০ বছর বয়সী অসুস্থ বন্য হাতির মৃত্যু

রাঙামাটি, ২৬ এপ্রিল – রাঙামাটির লংগদুতে দীর্ঘ আড়াই মাস অসুস্থ থাকার পর অবশেষে মারা গেছে একটি বয়স্ক পুরুষ বন্য হাতি। রবিবার সকালে উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নের আমলকি বাগান এলাকায় হাতিটি শেষ নিশ্বাস ত্যাগ করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী এই হাতিটি বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও শরীরের বিভিন্ন ক্ষতের কারণে গুরুতর অসুস্থ ছিল। গত ১০ ফেব্রুয়ারি স্থানীয়রা প্রথম হাতিটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি পাবলাখালী রেঞ্জের বন কর্মকর্তাদের জানানো হয়। খবর পাওয়ার পর হাতিটির সুচিকিৎসায় উদ্যোগ নেয় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষ চিকিৎসক দল টানা দুই মাস ১৬ দিন হাতিটিকে সেবা প্রদান করেন। বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, হাতিটির পেট ও পায়ে গভীর ক্ষত ছিল।

সেখানে নিয়মিত ড্রেসিং ও ওষুধ দেওয়া হলেও বার্ধক্যের কারণে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ক্ষতের স্থানে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে রবিবার হাতিটি মারা যায়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে হাতিটিকে ওই এলাকাতেই মাটিচাপা দেওয়া হবে। প্রাণীবিদদের মতে, এশীয় হাতির গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৭০ বছর হয়ে থাকে। সেই হিসেবে হাতিটি তার স্বাভাবিক আয়ুষ্কাল পূর্ণ করেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language