ফেডারেল সরকারের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা: ২৭ মে শুনানির নির্দেশ

ওয়াশিংটন, ২৫ এপ্রিল – ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্ট কি নিজের অধীনস্থ ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন? এই আইনি প্রশ্নে আগামী ২৭ মে শুনানির নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক দেশটির ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়েরের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে।
চলতি বছরের জানুয়ারি মাসে ট্রাম্প তার দুই ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং তাদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে আইআরএস এর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। ট্রাম্পের দাবি তার ব্যক্তিগত কর সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে তার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। চার পৃষ্ঠার একটি আইনি নথিতে মার্কিন জেলা আদালতের বিচারক ক্যাথলিন উইলিয়ামস মামলার উভয় পক্ষের আইনজীবীদের নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত হতে বলেছেন।
বিচারক উইলিয়ামস তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে ট্রাম্প ব্যক্তিগতভাবে মামলাটি করলেও তিনি বর্তমানে দেশের প্রেসিডেন্ট। অন্যদিকে যে সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো তারই প্রশাসনিক নির্দেশনার অধীনে পরিচালিত। মামলার বিবরণে ট্রাম্প ও তার পরিবার অভিযোগ করেছে যে তাদের গোপনীয় কর নথি সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা আইআরএস এর দায়িত্ব ছিল।
উল্লেখ্য ট্রাম্পের প্রথম মেয়াদে তার কর নথি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। আইআরএস এর সাবেক কর্মী চার্লস লিটলজন এই তথ্যগুলো ফাঁস করেছিলেন বলে প্রমাণিত হয়েছে যিনি বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন। এর আগে ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল ট্রাম্প ২০১৬ ও ২০১৭ সালে ফেডারেল আয়কর হিসেবে মাত্র ৭৫০ ডলার দিয়েছিলেন।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









