রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: নিহতদের স্মরণে শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচি

সাভার, ২৪ এপ্রিল – সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ধসে পড়া ভবনের সামনের অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে নিহতদের স্মরণে শোক মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ভবনের মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয় এবং আড়াই হাজারের বেশি শ্রমিক আহত হন। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক ও বিভিন্ন দোকানের পাশাপাশি তৃতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত পাঁচটি পোশাক কারখানা ছিল।
দুর্ঘটনার পর থেকে বেঁচে ফেরা অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বর্তমানে মানবেতর জীবন পার করছেন। দিবসটি ঘিরে সাভার এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী এসব কর্মসূচি পালন করছে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









