আইন-আদালত

তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার: সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর ৩ দিনের রিমান্ডে

কুমিল্লা, ২২ এপ্রিল – কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পিবিআই রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড অনুমোদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের নিকটবর্তী একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

দীর্ঘ সময় ধরে থানা পুলিশ, ডিবি ও সিআইডি মামলাটি তদন্ত করলেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে মামলাটি পরিচালনা করছেন পরিদর্শক তরিকুল ইসলাম।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language