রাজশাহী

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী, ২২ এপ্রিল – রাজশাহীতে পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার সকালেও রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় কোনো বাস ছেড়ে যায়নি। এর আগে মঙ্গলবার সকাল থেকে এই অচলাবস্থা শুরু হয়। রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির মধ্যে বিবাদের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কাউন্টারগুলোতে এসে বাস না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। শফিকুল আজিম নামের এক যাত্রী জানান, পরিবার নিয়ে ঢাকা যাওয়ার কথা থাকলেও বাস বন্ধ থাকায় তিনি যেতে পারছেন না। অনেকে বিকল্প উপায়ে সিএনজি বা ভাড়ায়চালিত গাড়িতে বাড়তি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

তবে আন্তঃজেলা রুটে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে বৈঠকের কথা রয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান বলে জানান।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language