উত্তর আমেরিকা

ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাতেও কমেনি তেলের দাম, শেয়ারবাজারে পতন

ওয়াশিংটন, ২২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এরপরও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার বদলে উল্টো বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা গেছে।

বুধবার ২২ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ পায়। তবে এই ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।

মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিনশেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমে যায়। একইভাবে ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে লেনদেন শেষ করে। যদিও একসময় এটি প্রায় ৪০০ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। এছাড়া প্রযুক্তিনির্ভর নাসদাক কম্পোজিট সূচকও শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর স্থগিত হওয়া এবং ইরানের সঙ্গে আলোচনার অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে। অন্যদিকে আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা দেখা গেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে ৯৫ ডলারের নিচে থাকলেও পরে তা বেড়ে প্রায় ১০০ ডলারে পৌঁছায়। শেষ পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৯৮ দশমিক ৪৮ ডলার যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি।

ওয়াল স্ট্রিটে যুদ্ধ শুরুর সময়ের মতো বড় ধরনের ওঠানামা এবার দেখা যায়নি। তবে বাজার বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি সত্ত্বেও বাজারের অনিশ্চয়তা এখনো কাটেনি। আর এই অনিশ্চয়তাই সার্বিক বাজার পরিস্থিতি ও তেলের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language