ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

ইসলামাবাদ, ২১ এপ্রিল – ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। সম্প্রতি জারি করা নতুন নোটিস টু এয়ারমেন বা নোটাম এর মাধ্যমে এই সময়সীমা বৃদ্ধি করা হয়। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত কোনো ভারতীয় নিবন্ধিত বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে যার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মূলত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। হামলার বিষয়ে ভারত ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে স্বচ্ছ তদন্তের দাবি জানায়।
পরবর্তীতে ২০২৫ সালের মে মাসের ৬ ও ৭ তারিখে উভয় দেশের মধ্যে আকাশপথে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। পাকিস্তান দাবি করে যে তারা ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটলেও আকাশসীমা ব্যবহারের বিষয়ে কড়াকড়ি এখনো বজায় রয়েছে। এর আগেও ১৯৯৯ এবং ২০১৯ সালে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









