দক্ষিণ এশিয়া

ইরান ইস্যু ও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বললেন পাক সেনাপ্রধান

ইসলামাবাদ, ২০ এপ্রিল – ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির।

সোমবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

ফোনালাপে অসীম মুনির মার্কিন প্রেসিডেন্টকে জানান যে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা অবরোধ শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।জেনারেল মুনির ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরির জন্য এই অবরোধ শিথিল করা জরুরি।

সূত্র মতে, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানের এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ  পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানান। তবে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে না।

সম্প্রতি ওমান সাগরে ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ তুসকা জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মার্কিন বাহিনীর সম্ভাব্য যে কোনো আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language