দুদকের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা, ২০ এপ্রিল – দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে, জুনাইদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধানে তার নিজ নামে ও বেনামে থাকা আট কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রতিবেদনে আরও বলা হয়, পলক তার নিজের ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকের মোট ২৫টি হিসাবে ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা করেছেন।
এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। দুদক মনে করছে, এই অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং তা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় একটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের বিস্তারিত তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরা হলে আদালত এই নির্দেশ দেন।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









