বরিশালের মেঘনা নদীতে ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির পোনা উদ্ধার, ৩৫ জেলেকে জরিমানা

বরিশাল, ২০ এপ্রিল – বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে জাটকা ও রেণু পোনা ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিবাগত রাত একটা থেকে সোমবার ভোর পর্যন্ত হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান যে মেঘনা নদীতে দ্রুতগতির একটি নৌযানে করে পাচারের সময় বিপুল পরিমাণ এই রেণু পোনা জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত পোনাগুলো রাতেই মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
এছাড়া অভিযান চলাকালে নিষিদ্ধ জাল ব্যবহার করে জাটকা শিকারের দায়ে ৩৫ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল তাদের মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









