জাতীয়

জ্বালানির মূল্যবৃদ্ধি: লঞ্চ ভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের

ঢাকা, ২০ এপ্রিল – দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে এবার লঞ্চের ভাড়াও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মালিকরা।

রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবনায় লঞ্চের যাত্রী ভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সংগঠনটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. বদিউজ্জামান বাদল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করায় লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু জ্বালানিই নয়, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, প্রপেলার, লোহা, রং এবং অন্যান্য উপকরণের দাম বাড়ায় সার্বিক পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লঞ্চ মালিকদের প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ৩ টাকা ৩৮ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এই হারগুলোর চেয়ে যথাক্রমে ৩৬ ও ৪২ শতাংশ বেশি বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পথের উন্নতির ফলে নৌপথে যাত্রী সংখ্যা কমেছে। ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী না পাওয়ায় মালিকরা লোকসানের মুখে রয়েছেন। এই পরিস্থিতিতে ভাড়া সমন্বয় করা না হলে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সম্প্রতি সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা এবং অকটেনে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে যা রোববার থেকে কার্যকর হয়েছে।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language