মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে দিনের আলোতে দেখা গেল জিলকদ মাসের চাঁদ

আবুধাবি, ১৮ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতে এক বিরল ও অভূতপূর্ব ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস। সাধারণত সূর্যাস্তের পর নতুন চাঁদ দেখার রীতি থাকলেও এবার দিনের আলোতেই ধরা দিল জিলকদ মাসের নতুন চাঁদ। এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই বিশেষ মুহূর্তের ছবিটি ধারণ করেন। এই চাঁদ দেখার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার দিনক্ষণ গণনা শুরু হয়েছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে বুধবার শুরু হতে পারে। সেই হিসেবে হজের প্রধান আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে ২৬ মে মঙ্গলবার।

প্রথা অনুযায়ী আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে আরব আমিরাতে সাধারণত চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব বিবেচনায় নিলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language