দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ১৮ এপ্রিল – দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ ও মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ ও ২০ এপ্রিলও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২১ এপ্রিল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে তাপমাত্রা পুনরায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ২২ এপ্রিল পরবর্তী সময়ে পুনরায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









