মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল সৌদি আরব

রিয়াদ, ১৭ এপ্রিল – ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত দশ দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়ায় লেবাননের রাজনৈতিক নেতৃত্বের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেছে রিয়াদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং সংসদের স্পিকার নাবিহ বেরির ইতিবাচক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। ইসরায়েল ও লেবাননের স্থানীয় সময় অনুযায়ী গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির প্রাথমিক মেয়াদ দশ দিন নির্ধারণ করা হলেও মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে যে পরিস্থিতি বিবেচনায় এর সময়সীমা ভবিষ্যতে আরও বাড়তে পারে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button