জাতীয়

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ১৬ এপ্রিল – দেশের ছয়টি জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে দেশের সকল বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থার তথ্য অনুযায়ী বুধবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতি কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী দুই দিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language