দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দশম, শীর্ষে দিল্লি

ঢাকা, ১৫ এপ্রিল – বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ সময় ধরে এই দূষণের কবলে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচকে ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০ম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ৩১০ রেকর্ড করা হয়েছে।
দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। এছাড়া নেপালের রাজধানী কাঠমান্ডু ১৯২ স্কোর নিয়ে চতুর্থ এবং থাইল্যান্ডের চিয়াং মাই ১৮৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বায়ুমানের সূচক অনুযায়ী একিউআই ০ থেকে ৫০ হলে তা ভালো ধরা হয় এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটি অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হয়। একিউআই ২০১ থেকে ৩০০ হলে তা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









