ইউরোপ

রাজা হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তৃতীয় চার্লস

লন্ডন, ১৫ এপ্রিল – ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে এটিই চার্লসের প্রথম সরকারি সফর। এই সফর দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে আগামী ২৭ এপ্রিল রাজদম্পতি যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া ভ্রমণ।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সফরে দুই দেশের অভিন্ন ইতিহাস, অর্থনৈতিক নিরাপত্তা ও জনগণের মধ্যকার সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে। সফরের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাজা ও রানি। পরবর্তীতে হোয়াইট হাউসে তাদের বর্ণাঢ্য রাজকীয় অভ্যর্থনা দেওয়া হবে এবং সেখানে দ্বিপক্ষীয় বৈঠক ও রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজা চার্লস মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।

তিন দশকেরও বেশি সময় আগে তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ এই বিরল সম্মান লাভ করেছিলেন। নিউইয়র্ক সফরে তিনি ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের পরিবারের সদস্য ও উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া সেখানে শিল্প সংস্কৃতি ও বাণিজ্য বিষয়ক বেশ কিছু অনুষ্ঠানে রাজদম্পতি অংশগ্রহণ করবেন।

ভার্জিনিয়াতে তারা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করবেন এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দেবেন। এর আগে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন চার্লস। রাজা হিসেবে তার এই বর্তমান সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language