মধ্যপ্রাচ্য

লেবাননে ত্রাণ তৎপরতায় ইসরায়েলি বাধা: ৬৩ শতাংশ সহায়তাই পৌঁছাচ্ছে না গন্তব্যে

বৈরুত, ১৫ এপ্রিল – লেবাননের দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। ত্রাণবাহী যানবাহনে হামলা এবং প্রবেশে বাধার কারণে প্রায় ৬৩ শতাংশ সহায়তা গন্তব্যে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেছেন যে ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করার কারণে ত্রাণবহরগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না।

ইউরোপীয় পার্লামেন্টের এক শুনানিতে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা সামের আবদেলজাবের জানান যে পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ৫২ লাখ মানুষ তীব্র ক্ষুধার শিকার হতে পারেন। তিনি এই সংকটকে কোভিড ১৯ এবং ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেন। আবদেলজাবের বলেন যে ক্লিয়ারেন্স পাওয়া সত্ত্বেও ত্রাণবহরগুলোকে বিভিন্ন চেকপোস্টে দীর্ঘ সময় আটকে রেখে হয়রানি করা হচ্ছে। গত সপ্তাহে একটি ত্রাণ বহরের কাজ শেষ করতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগেছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান যে সেখানকার ৮০ শতাংশের বেশি বাজার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্বব্যাপী প্রায় ৪৫ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

শুনানিতে লেবানন হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের সমন্বয়ক মোহাম্মদ মানসুর আন্তর্জাতিক আইন মেনে চলতে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। তিনি বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে তাদের প্রভাব ব্যবহারের অনুরোধ করেন। সম্প্রতি বৈরুত সফর করা ইউরোপীয় পার্লামেন্টের উন্নয়ন কমিটির চেয়ার ব্যারি অ্যান্ড্রুজ বাস্তুচ্যুত মানুষের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটের কথা উল্লেখ করেন।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language