বাহরাইনে হামলায় নিহত রেমিট্যান্স যোদ্ধা গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ১৫ এপ্রিল – বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
এ সময় সৎকার ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা তুলে দেন মন্ত্রী। এছাড়া যথাযথ উত্তরাধিকার সনদ দাখিল সাপেক্ষে নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরও ৩ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। নিহত গিরিশ চন্দ্র সূত্রধর গত ১০ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।
তার অকাল মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন যে বাহরাইনে সাম্প্রতিক পরিস্থিতিতে এ পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে আজসহ মোট পাঁচজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট তিনজনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬







