মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকির জবাবে শাহরুখ খানের সংলাপ ব্যবহার করে ইরানের পাল্টা হুংকার

তেহরান, ১৫ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি নৌবাহিনী ধ্বংসের দাবির প্রেক্ষিতে অভিনব উপায়ে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় একটি সংলাপ ব্যবহারের মাধ্যমে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে পারস্য উপসাগরে ইরানের অত্যন্ত দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলোর মহড়া প্রদর্শন করা হয়েছে।

কনস্যুলেটের পক্ষ থেকে এই বোটগুলোকে পারস্য উপসাগরের লাল মৌমাছি হিসেবে আখ্যায়িত করা হয়। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তারা উল্লেখ করে যে, ট্রাম্প ইরানের নৌবাহিনীকে বিলীন মনে করলেও একঝাঁক মৌমাছি কীভাবে চারপাশ থেকে ঘিরে ধরতে পারে তা শিগগিরই বোঝা যাবে। এই আক্রমণাত্মক বার্তার শেষে তারা শাহরুখ খানের ওম শান্তি ওম চলচ্চিত্রের সেই বিখ্যাত সংলাপ এখন তো শুধু ট্রেলার চলছে, পুরো সিনেমা এখনো বাকি আছে যুক্ত করে দেয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছিলেন যে, ইরানের প্রধান নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে। তিনি ইরানের ছোট আকৃতির ফাস্ট অ্যাটাক জাহাজগুলোকে তুচ্ছজ্ঞান করে সতর্কবার্তা দিয়েছিলেন যে, মার্কিন অবরোধের কাছাকাছি আসার চেষ্টা করলে তাদের নির্মমভাবে দমন করা হবে।

গত সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালির ইরানি বন্দরগুলো অবরোধ করার নির্দেশ প্রদান করেন। উদ্ভূত এই চরম উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে তাদের সামরিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হলো। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই বিচিত্র এবং বলিউডধর্মী প্রতিবাদ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language