রংপুর

রংপুরে পূর্ববিরোধের জেরে যুবককে গলা কেটে হত্যা

রংপুর, ৯ এপ্রিল – রংপুর নগরীর বৈরাগীপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে রাকিব হাসান নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন ও তার কয়েকজন সহযোগী মিলে ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মমিনের সঙ্গে নিহত রাকিবের আগে থেকেই মাদক সংক্রান্ত নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয় কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের একটি হাতাহাতির ঘটনা ঘটে যা এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার বিকেলে মমিন ও তার দলবল রিকশায় করে এসে হঠাৎ রাকিবের ওপর হামলা চালায় এবং গলা কেটে হত্যার পর দ্রুত পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ১৪ নভেম্বর রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মমিন মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের নামে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার জের ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তদের সঙ্গে নিহতের পূর্ববিরোধের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language