লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: যুদ্ধবিরতির দাবি অস্ট্রেলিয়া ও স্পেনের

বৈরুত, ৯ এপ্রিল – লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালানো হয়। এই নজিরবিহীন হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া ও স্পেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ব্রিসবেনে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা চলছে, তা লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। তিনি বলেন, এই সংকট কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ নেই, বরং এর নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। পুরো অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে বর্তমান যুদ্ধবিরতির আওতা বাড়ানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের এই পদক্ষেপকে মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন।
তিনি উল্লেখ করেন, অভিযান শুরু হওয়ার পর লেবাননের ওপর এটি সবচেয়ে জঘন্য হামলা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নগ্ন লঙ্ঘনের নিন্দা জানানোর আহ্বান জানিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে থাকা সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহারের অনুরোধ করেছেন। ইসরায়েলের এই ভয়াবহ হামলার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্পেন ও অস্ট্রেলিয়ার পাশাপাশি জাতিসংঘ, সিরিয়া এবং ওমানও এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









