জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রস্তাব জেলেনস্কির, রুশ ড্রোন হামলায় নি*হত ৪

মস্কো, ৮ এপ্রিল – রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধের নতুন প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খ্রিষ্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টারকে সামনে রেখে এই আহ্বান জানানো হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক এক ভাষণে জেলেনস্কি জানান, রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে প্রস্তুত থাকে তবে কিয়েভও একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই প্রস্তাব ইতোমধ্যেই রুশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে যুদ্ধবিরতির অতীত অভিজ্ঞতা খুব একটা ইতিবাচক নয়। গত অর্থোডক্স ইস্টারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে ত্রিশ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেও পরে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে। এছাড়া গত বছর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত ত্রিশ দিনের শর্তহীন যুদ্ধবিরতি মস্কো কার্যকরভাবে প্রত্যাখ্যান করেছিল।
রাশিয়া বরাবরই স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দিয়ে আসছে। জেলেনস্কি আরও জানান, আগামী ১২ এপ্রিলের ছুটির বিষয়ে তার প্রস্তাব ক্রেমলিন গ্রহণ করবে কি না তা নিয়ে তিনি নিজেও বেশ সন্দিহান। তার মতে, মধ্যপ্রাচ্যে ইরান সংশ্লিষ্ট উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং এতে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ইরানকে ঘিরে সম্ভাব্য দীর্ঘমেয়াদি মার্কিন-ইসরায়েলি সংঘাত তৈরি হলে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তা কমে যেতে পারে। এদিকে ইউক্রেনের যুদ্ধে এবার রেল ও বাসের মতো গণপরিবহনকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের নিকোপোল শহরে একটি বাসে রুশ ড্রোন হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও পনেরোজন আহত হয়েছেন। সামগ্রিকভাবে ইস্টারকে ঘিরে এই প্রস্তাবকে একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হলেও মস্কোর সাড়া ছাড়া এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েই গেছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









