হামের প্রাদুর্ভাব রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান রিজভীর

ঢাকা, ৭ এপ্রিল – হামের প্রাদুর্ভাব রোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে অবহেলার কারণে দেশে হামের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্যের উল্লেখ করে তিনি জানান, আধুনিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ছাড়া সঠিক রোগ নির্ণয় ও সুস্বাস্থ্য নিশ্চিত করা অসম্ভব। উন্নত বিশ্বেও টিকাবিরোধী অপপ্রচারের কারণে সমাজে অন্ধত্ব ও কুসংস্কার ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানেরই ফল। যেকোনো মহামারিতে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, করোনার সময় বরাদ্দ দেওয়া ত্রাণ ক্ষমতাসীনদের কাছে পাওয়া গেছে।
এছাড়া গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সময়েও এই খাতে যথেষ্ট নজর দেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি হামের কারণে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে রিজভী জানান, গত মার্চ থেকে এপ্রিলের মধ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ময়মনসিংহ হামের হটস্পটে পরিণত হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা জরুরি।
গবেষণায় অপ্রতুল বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, দেশে একটি মেডিকেল রিসার্চ কাউন্সিল থাকলেও গবেষণার জন্য বরাদ্দ খুবই সামান্য। এর সঙ্গে জার্নাল রিভিউতে ২৩ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় ব্যয় আরও বেড়ে যায়। তাই বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিরা।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









